রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

তরুণ মুখোপাধ্যায়-এর কবিতা

কবি ডান সমীপেষু

(কবি জন ডান : ১৫৭২-১৬৩১ খ্রি.)


মাননীয় কবি জন ডান, শুনতে পাচ্ছেন?

আমার বয়স যখন ১৯/২০

আপনি এসেছিলেন। 

আপনার কবিতার সেই নীলমাছির কামজ

দংশন ক্ষত মিশেছিল আমার রক্তেও।

তারপর গত ৫০ বছর ধরে আপনাকেই 

ভেবেছি, পড়েছি কবিতাগুচ্ছ;

কর্মব্যস্ত জীবন কেটেছে দায়-দায়িত্ব নিয়ে;

তবু আপনার কল্পিত কম্পাসের কাঁটার মতো

ঘুরতে ঘুরতে কেন্দ্রবিন্দুতে এসে স্থির হয়েছি

এতোদিনে। এখন বয়স ৬৯/৭০ —

লিখেছি আপনার জীবন ও কবিতা নিয়ে;

ভেবেছি আপনার দুঃসাহসিক প্রেম ও বিবাহ কথা,

নতজানু হয়েছি অ্যানের কাছেও।

জীবনের এই গোধূলিবেলায় বঙ্গের প্রান্তবাসী

এই কবি উপহার দিতে চায় তার গদ্যকুসুমপুঞ্জ —

আপনি কি গ্রহণ করবেন, কবি ডান? 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন