শনিবার, ১ মে, ২০২১

প্রাণজি বসাক-এর অণুগল্প


 ঠাণ্ডা হাত দুটো

আগরতলায় কুয়াশা – বিমান উড়ছে না সকাল থেকে । কলকাতায় নামল এক ঘণ্টা দেরীতে । বোর্ডিং হল । আমার পাশের সিটে এক কিশোর বালক । হ্যালো-হাই হলে সে জানায় ওর বাবা বিএসএফে চাকরি করে । ত্রিপুরা বর্ডারে পোস্টিং । কয়েকদিন আগে আচমকা ওর বাবার ব্রেন হেমারেজ হয়েছিল । এখন খানিকটা সুস্থ । মাকে রেখে ও ফিরছে ।



কাল থেকে ওর স্কুল খুলছে । ক্লাস এইটের ছাত্র , পড়ে কেন্দ্রীয় বিদ্যালয় ছাওলা ক্যাম্প দিল্লিতে । কথায় কথায় গল্পে গল্পে জিজ্ঞেস করলাম ওর ক’জন বন্ধু রয়েছে । ডানহাতের আঙুল তুলে দেখাল –পাঁচজন । বন্ধুরা সবাই দক্ষিণ ভারতীয় । ছেলেটি ব্যাঙ্গালুরুর । যদিও মাতৃভাষা কান্নাড় , তবে বলে হিংলিশ ।হাল্কা মেজাজে জিজ্ঞেস করি – তোমার ক্লাসে কোনো বাঙালি ছাত্র নেই । সে বলে – হ্যাঁ আছে । একটি মেয়ে, মিস গৌরী কুন্ডু ।



তাই । ইউ মাস্ট টেল হার টু সিং রবীন্দ্র সঙ । ওর কাছ থেকে রবীন্দ্র সঙ্গীত শুনে নেবে । ইউ উইল এনজয় ।



আঙ্কল, শুনেছি । ও একটি গান শোনায় মাঝে মাঝে । আ গু নে র প র শ ম নি ছোঁ য়া ও প্রা ণে ...



ভেঙে ভেঙে ওর নিজস্ব উচ্চারণে বলে ।



আঙ্কল, ও আমার হাত ধরে গানটি গায় । ওর হাত দুটো ভেরী-ভেরী কোল্ড , বেজায় ঠাণ্ডা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন