সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

মিতুল দত্ত


 

 ইউটোপিয়া

 

বেড়াতে যাওয়ার গল্পে আমি নেই, আমি তো কবেই

তোমার হাঁয়ের মধ্যে ঢুকে গেছি, ভরসন্ধেবেলা

পাহাড় দেখাবে বলে নিয়ে গেলে, জঙ্গল দেখাবে বলে,

যেখানে গাছের গন্ধ, পাতা মাড়ানোর সেই পায়ে

আমি নেই, আমি তো সকল নিয়ে

বসে আছি, সর্বনাশ, চতুরঙ্গে এসেছিলে যখন, যেভাবে

তোমার খোলামকুচি দাঁতে আটকে তোমার ত্রিফলা

জিভে বিঁধে রক্ত নাকি গর্ভস্রাব গড়িয়ে পড়ার দিনে

ঢকঢক গেলাচ্ছ জল, জলের মন্দিরে বসে

হাওয়ার স্বপক্ষে তর্ক করছ, রবিবাসরের সেই

গনগনে মালসাভোগে আমি নেই, আমি তো শনির

কুলকুণ্ডলিনী গায়ে জড়িয়ে ঘুমোতে চলে গেছি

আমি তো স্বর্গের দিকে অনিবার্য তৃতীয় নরক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন