রবিবার, ২১ জুন, ২০২৬

অধীরকৃষ্ণ মণ্ডল-এর কবিতা


সরলতা পোষ্য পুত্র

পালাতে গিয়ে হঠাৎ খাদে পড়ে মানুষটা
শুধু বাঁচাও বাঁচাও ধ্বনি
শুনতে পেয়ে বাঘ তার পা ধরে টানে
ওপরে তুলে বাঘের কত গর্ববোধ
মানুষটাকে বাঁচাতে পারলাম তো।
 
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মানুষটা
বাঘের গলা জড়িয়ে ধরে বলে- আমাকে বাঁচাও 
বাঘের বাইরে হিংস্র স্বভাব ভেতরে পোষ্য পুত্র!

একজন খুনি ভোরে খুন করে ফিরছে বাড়িতে
ছোট্ট মেয়ে দেখে অমনি বাবার কোলে উঠে বসে
মেয়ে চুমু খায় বাবার মুখে বাবা মেয়ের মুখে
তখন বাবার জামায় কত রক্তের ছিটে
মেয়ে আঙুল দিয়ে ফুটন্ত গোলাপ দেখালে
বাবা তখন তো হাসতে হাসতে খুন! 

1 টি মন্তব্য: