রবিবার, ২১ জুন, ২০২৬

আনোয়ার রশীদ সাগর-এর কবিতা


ঘুমন্ত মানব


রাত গভীর,

 নির্জনতায় নির্ভর নিভু নিভু নিঃশ্বাস নিতে

নিজেকে এলিয়ে দিয়েছি নীরব বিছানায়।

শূন্যতায় পাখা মেলে ম্লান হয়

 জীবনের গতিপথ।

অমানিশা আঁধার অথচ অফুরন্ত অভিমান

অভিসারে অভিজ্ঞতায় হাঁটে মননে কালো জ্যোৎস্নায় কতো কতো যে ভাঙাচোরা স্মৃতি! -

পাখা ঝাপটায়, চুপসে যায়, কী এক ভাঙাগড়া জীবন

জেনে বুঝে জলজ্যোৎস্নায় ডুব দিই,

সাঁতার কাটি নীলিমার নীল আঁচলে;

কখনো হাসি, কখনো করি অভিমান

জীবনটা চলমান সমান্তরাল রেলপথ

কতকিছু করবো বলে প্রতিদিন নিই শপথ। 

সূর্য উদয়ের সাথে সাথে সঙ্গীহীন স্মৃতিগুলো

হারিয়ে যায়, যাযাবর মরুর কোনো প্রাণীর মতো

দীপ্ত শপথে ঐক্যবদ্ধ মনন তখন সংগ্রাম করে বেঁচে থাকার নির্মম সত্যের নিরীহ লড়াইয়ে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন