সম্পাদকের নিবেদন
রজার পেনরোজ (জন্ম ৮ আগস্ট, ১৯৩১) পদার্থবিদ্যায়, জ্যামিতি ও গণিত শাস্ত্রে তাঁর অবদান অসামান্য। আইনস্টাইন, হকিং প্রমুখ বিশ্ববরেণ্য বৈজ্ঞানিকদের পাশে তাঁর স্থান। রিলেটিভিটিকে অন্য দৃষ্টিভঙ্গিতে বিচার করে, মৃত নক্ষত্র থেকে যে ব্ল্যাকহোল সৃষ্টি হতে পারে এটা তিনি রিলেটিভিটি থিওরি থেকে প্রমাণ করেন। তিনি টুইস্টর (Twistor) থিওরির আবিষ্কর্তা। এটা হচ্ছে স্পেস-টাইম-এর গঠনভঙ্গিকে পর্যবেক্ষণ করার এক নতুন দৃষ্টিভঙ্গি। এর ফলে আমরা মহাকর্ষের প্রকৃতিকে আরও গভীরভাবে বুঝতে সক্ষম হই। তিনি এক ধরনের জ্যামিতিক ফর্মের আবিষ্কর্তা যাকে ‘পেনরোজ টাইলস’ বলা হয়। তিনি ব্রেন সম্বন্ধেও রিসার্চ করেছেন এবং মনে করেন যে চেতনার উদ্ভব হচ্ছে ‘কোয়ান্টাম-মেকানিক্যাল’ প্রক্রিয়া থেকে।
থিওরিটিক্যাল পদার্থবিদ্যা ক্রমশই কল্পনাপ্রবণ হয়ে উঠছে। স্ট্রিং থিওরির কথাই ধরা যাক। এই থিওরি ১১টি ডাইমেনশনের কথা বলে অথবা আমাদের মহাবিশ্বকে মনে করা হয় একটা বিশালাকার ঝিল্লি বা ‘মেমব্রেন’ (Membrane)-এর ওপর অবস্থান করছে। এ সব ভাবনাচিন্তাকে পরাবাস্তব (Surreal) ভাবনাচিন্তা বলে মনে হয়। পেনরোজ বলছেন যে কোয়ান্টাম মেকানিকস-এ এমনই অনেক দুর্বোধ্যতাকে বিশ্বাস করতে হয়। এটাও ঠিক যে কোয়ান্টাম মেকানিকস অনেক পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুতরাং এর অনেক জিনিসকে আমাদের গ্রহণ করতে হবে। নিউটনের পরে একবার, আর একবার আইনস্টাইনের পরে, পৃথিবী সম্বন্ধে মানুষের ভাবনার পরিবর্তন ঘটেছে। তিনি নিশ্চিত যে জীববিদ্যায় বহুল ব্যবহার করা যায় কোয়ান্টাম মেকানিকস। রজার পেনরোজের একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে : Fashion, faith and fantasy in the New Physics of the Universe। এই শব্দগুলির প্রত্যেকটি এখনকার প্রধান থিওরিটিক্যাল পদার্থবিদ্যার ধারণার প্রতীকস্বরূপ। ‘ফ্যাশন’ হচ্ছে স্ট্রিং থিওরি, ‘ফ্যানটাসি’ হচ্ছে বিভিন্ন মহাবিশ্বজনিত পরিকল্পনা। তাঁর আরেকটি বইয়ের নাম’ The Emperor's New Mind’। এই বইয়ে মস্তিষ্কের কোষগুলির প্রতিক্রিয়ায় চেতনার উন্মেষ ঘটে বলে তিনি দাবি করেছিলেন।
তাঁর অভিমত পদার্থবিদরা কোয়ান্টাম তত্ত্বের মূল ব্যাপারটি সম্পূর্ণভাবে বুঝতে পারলে, থিওরিটি তখন আরও সুন্দর ও হৃদয়ঙ্গম হয়ে উঠবে। এবং কোয়ান্টাম মেকানিকসের জনপ্রিয়তা বেড়েছে বলাইবাহুল্য। বিজ্ঞান সম্বন্ধে যে বইগুলি তিনি লিখেছেন সেগুলি ‘বেষ্ট সেলার’-এর মর্যাদা পেয়েছে।
এই স্বল্প পরিসরে বিশ্ব বরেণ্য বিজ্ঞানী ২০২০ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে সম্মানিত স্যার রজার পেনরোজ-কে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম।
‘রঙিন ক্যানভাস বইমেলা সংখ্যা’ প্রকাশিত হল। সকল লেখক ও পাঠককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকুন সকলে।
রোশনি ইসলাম
সোনালি বেগম


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন