আমার পুতুলঘর
পুতুল সাজিয়ে ঘর করেছি আজ
পুতুল শুধু তুমিই খেলতে পারো!
এই পুতুলে আমার মরণ লেখা
পুতুল চোখেই বিশ্ব ভূবন দেখা।
শেষ কবে এই পুতুলঘরে ছিলাম
কলের পুতুল আমার লেখার কালি
এখন লিখি যা তুমি শুনতে চাও
ভিতর থেকে আমার মজনতালি!
পুতুল ঘরে রোজ করেছি খোঁজ
দিনের শেষে জড়িয়ে লতায় পাতায়
আমার বুঝি উড়তে যাবার শখ
আমার তো শেষ আঁচড় পড়েছে খাতায়।
ফুরিয়ে আসছে আগুন ভিতর থেকে
এখন আমি শুধুই পুড়তে দেখি
পুড়তে পুড়তে চারমাথা মোড় এলে
ভয় পেয়ে যাই! জাগছে আবার সে কী!
আমার এখন ভজন গাইতে নেই
আমার এখন কৃষ্ণ বলা বারণ
পুতুল ঘরে পুতুল ঠাকুর ঘিরে
কাঁদছি আকুল জড়িয়ে পুতুলচরণ।
আমায় তুমি ঘুম পাড়িয়ে দিও
আমার যে রাত ফুরিয়ে গেলেই নদী
সেই নদীতে ডুব দেবে মাছমেয়ে
ভাবছি শিরায় আবার রাঙায় যদি।
আমার এসব পুতুল পুতুল খেলা
পুতুল বুকে পালিয়ে আসে রূপ
আমি আর কৈ দেখব সনাতন
আমার চোখে সবাই এখন চুপ।
তাই এ আমার পুতুল ঘরের ছবি
আমিও নিঃস্ব বৃদ্ধ মরিচঝাঁপি
আমার চোখে সবাই কেমন ধোঁয়া
আমিই একা মায়ার খেলার পাপী।

চমৎকার লেখা
উত্তরমুছুন