মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সুবীর ঘোষ-এর কবিতা

আমার রবীন্দ্রনাথ

তিনি জিগ্যেস করলেন ---রবীন্দ্রনাথের কবিতা পড়?

বাক্যে উক্ত কালনির্ণয়কে একটু ঘুলিয়ে দিতে চেয়ে বললাম--- পড়েছি তো, স্কুলের বইয়ে ছিল

দুই বিঘা জমি, পুরাতন ভৃত্য।

---বড় হয়ে পড়নি?

---পড়েছি, শেষের কবিতা।

---সে তো উপন্যাস।

--- না মানে ঐ শেষের কবিতাগুলো থেকেই তো বান্ধবীকে চিঠি লিখবার সময় লাইন টুকে দিতাম।

---আর কোনো উপন্যাস?

---সিনেমায় দেখেছি -- চোখের বালি, নৌকোডুবি।

---গল্প?

---সে-ও সিনেমায় দেখেছি -- কাবুলিওয়ালা, ক্ষুধিত পাষাণ, নষ্টনীড়।

---প্রবন্ধ কিছু পড়া আছে না কী?

---না স্যর, ঐ দিকে দাঁত ফোটাতে পারিনি।

---নাটক ব্যাপারে কিছু?

---ছোটোবেলায় পাড়ায় দেখেছি -- বিসর্জন, রথের রশি।

---রবীন্দ্রনাথের গান পড়েছ না কি?

---গান পড়া? গান শুনেছি। তোমারি গেহে পালিছ স্নেহে থেকে খোল দ্বার খোল… সে অনেক গান।

---এবার থেকে গান পড়ে দেখো।

--- দেখব স্যর, আপনি বলছেন যখন। ছোট ছোট গান তো। একদিনেই অনেকগুলো পড়া হয়ে যাবে। 

1 টি মন্তব্য: