মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

রন্তিদেব সরকার-এর অনুবাদ কবিতা

 

রবার্ট লি ফ্রস্ট


এক হিমেল সন্ধ্যায় বনভূমির পাশে

আমি  জানি এ বনভূমি কার

যদিও পাশের গ্রামেই বাড়ি 

তার;

                                                                                                                                                                      জানবেও তো না সে, যে আমি দাঁড়িয়ে পড়েছি

তার এই ক্ষেত্রভূমির পাশে আর দেখছি চেয়ে চেয়ে

তুষার, তার শুভ্র-চাদরে মুড়িয়ে চলেছে বনাঞ্চল

আমার টাট্টু-ঘোড়াটির কাছে এটা হয়ত

নেহাতইএক ধাঁধাঁ। কাছাকাছি তো নেই কোন খামার হেথা!

বনভূমি আর বরফ-জমা হ্রদের মাঝে থেমে থাকে

বছরের গহীনতম আঁধার। তার গলার ঘন্টি নাড়িয়ে

জানায় আমার ঘোড়া - ভুল হচ্ছে না তো কিছু ?

হয়ত ভাবছে মনে মনে। শব্দ বলতে শাখা-প্রশাখায়

ঝিরিঝিরি হাওয়ার দোল; তার সঙ্গে সঙ্গত করে

শুধু তুষারের অবিরাম নির্ঝরবোল।

 

অতি মনোহর বনক্ষেত্রভূমি, গহন আঁধার-মোড়া

কিন্তু সমুখে আমার, প্রতিশ্রুত অজস্র দায়-ভার

তাই ঘুমিয়ে পড়ার আগেই, পাড়ি দিতে হবে আমায়  বহু, বহু দূরপথ

এবং ঘুমিয়ে পড়ার আগেই, পাড়ি দিতে হবে আমায়  বহু, বহু দূরপথ। 



[রবার্ট লি ফ্রস্ট – ( জন্ম – ২৬ মার্চ ১৮৭৪– মৃত্যু ২৯ জানুয়ারি ১৯৬৩) ছিলেন একজন মার্কিন কবি। তিনি আমাদের কাছে এক বহু-চর্চিত কবি তাঁর বিখ্যাত কবিতার (Stopping by a Wood On a Snowy Evening ) শেষ দুটি অমর লাইনের জন্য- ‘And miles to go before I sleep’। তাঁর রচনা স্বদেশ আমেরিকায় প্রকাশিত হওয়ার আগেই ইংল্যান্ডে প্রকাশিত হয়ে যায়। কিছুটা হলেও তাঁকে বলা যায়,  আমেরিকার জীবনানন্দ । তাঁর লেখা কবিতার মধ্যে শহর থেকে বেশি গ্রামের ছোঁয়া এসেছে।  তিনি সর্বমোট চারবার তাঁর কবিতার উৎকর্ষতার জন্য পুলিৎজার পুরষ্কার জয়ী হয়েছেন।]


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন